যুক্তরাষ্ট্রের দণ্ডিত যৌন নিপীড়ক ও অর্থ বিনিয়োগকারী জেফরি এপস্টিনের একসময় প্রায় ৬০ কোটি ডলার সমমূল্যের সম্পদ ছিল। ২০১৯ সালে মৃত্যুর মাত্র দুই দিন আগে একটি দলিলে স্বাক্ষর করে তিনি নিজের সম্পদের একটি বড় অংশ তাঁর তৎকালীন প্রেমিকার নামে লিখে দেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সম্প্রতি প্রকাশ করা এপস্টিন নথিতে এই দলিল রয়েছে।
নথি অনুযায়ী এপস্টিন জানিয়েছেন, তিনি তাঁর প্রেমিকা কারিনা শুলিয়াককে বিয়ে করার কথা ভাবছিলেন। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, এপস্টিন সেই দলিলে সই করার পর শুলিয়াক তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির সুবিধাভোগী হয়ে ওঠেন। এর মাধ্যমে তিনি এপস্টিনের একসময়কার বিশাল সম্পদের একটি বড় অংশ পান।
গত মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টিন-সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার বেশি নথি সর্বসাধারণের জন্য প্রকাশ করে। তখন ‘১৯৫৩ ট্রাস্ট’ নামে পরিচিত ৩২ পৃষ্ঠার ওই দলিলের একটি অনুলিপিও সামনে আসে।
